নাটোর শহরের কানাইখালি এলাকায় এক হৃদয়বিদারক ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে প্রকাশ্যে অটোরিকশায় শুইয়ে পিঠের ওপর পা তুলে নির্যাতন চালানো হয়েছে। রবিবার (আজ) দুপুরে শহরের ব্যস্ত সড়কে দুই কিলোমিটারজুড়ে এই অমানবিক ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক তরুণের পিঠের ওপর দাঁড়িয়ে আছেন আরেকজন, আশপাশের কয়েকজন উচ্চস্বরে গান বাজিয়ে উল্লাস করছেন, আর নির্যাতিত তরুণ চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন।
নির্যাতনের শিকার ওই তরুণের নাম ফয়সাল হোসেন (২৫)। তিনি নাটোর শহরের কানাইখালি এলাকার বাসিন্দা ও ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে পরিচিত। ফয়সাল জানান, শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে বাসায় ফেরার পথে হঠাৎ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁর ওপর হামলা চালান। পেছন থেকে এসে মারধর করেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম এবং সাধারণ সম্পাদক রিমন। পরে তাঁকে সড়ক বিভাজকের ওপর ফেলে মারধর করে একটি অটোরিকশায় তুলে শহর ঘোরানো হয় এবং চলতে থাকে নির্যাতন।
ঘটনার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের বলেন, “ঘটনাটি আমার অজান্তে ঘটেছে। কাজটি সঠিক হয়নি। তবে অতীতে ছাত্রলীগের কর্মীরাও অনেক বর্বরতা করেছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দস্তগির ইসলাম নামে একজন “মুজিব সেনা” হিসেবে পরিচয় দিয়ে লিখেছেন, “এই বর্বরতা ভুলে যাওয়ার নয়। একদিন এর বিচার নাটোরের মাটিতেই হবে, ইনশাআল্লাহ।”
এদিকে, নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান জানিয়েছেন, ঘটনার বিষয়ে তাঁরা আগে কিছু জানতেন না। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।