কক্সবাজারের টেকনাফ সীমান্তে মর্মান্তিক এক ঘটনায় মাইন বিস্ফোরণে পা হারিয়েছেন মো. ফিরোজ (৩০) নামে এক বাংলাদেশি জেলে। রবিবার দুপুরে হোয়াইক্যংয়ের তোতার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, আহত ফিরোজ আমতলী গ্রামের বাসিন্দা এবং আলী আহমেদের ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে ফিরোজ নাফ নদীর তোতার দ্বীপ এলাকায় গেলে অসাবধানতাবশত মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সেখানে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হলে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, দুর্ঘটনাটি ঘটেছে শূন্য রেখা থেকে প্রায় ১০০ গজ ভেতরে মিয়ানমারের তোতারদিয়া এলাকায়। বিজিবির সহায়তায় ফিরোজকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।