ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করে, তবে তা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। আজ মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি কল আসে। এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, প্রায় ১৫-২০ জন ব্যক্তি ওই বাড়ির সামনে অবস্থান করছে এবং গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, ওই ব্যক্তিরা উত্তেজিত হয়ে পুলিশকে চাপ সৃষ্টি করে, যেনো মো. গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর লিখিত অঙ্গীকারে মঙ্গলবার বিকেল ৩টায় তাদের ছেড়ে দেওয়া হয়।
ডিএমপি সবাইকে সতর্ক করে জানায়, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি বা আইন লঙ্ঘন করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চায়, তাহলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।