আগামী জাতীয় সংসদ নির্বাচনের অর্থ বরাদ্দে কোনো ধরনের কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচনের অর্থ বরাদ্দ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "নির্বাচনের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।"
বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে ড. সালেহউদ্দিন জানান, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং ব্যবস্থা উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া, ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, "এলএনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলএনজি আমদানির মাধ্যমে সার উৎপাদন ও সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে।"
বৈঠকে রংপুর অঞ্চলের ৩০টি স্কুল পুনর্নির্মাণ (রিনোভেশন) প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে বলে তিনি জানান।