নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বডি-অন-ক্যামেরা ব্যবহারে জোর প্রধান উপদেষ্টার

বাংলাদেশ
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দ্রুত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তাঁরা অনুভব করেন যে নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান।

মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

বৈঠকে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনকালীন সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

তিনি আরও বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়।”

বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে দেশে বিদ্যমান বডি-অন-ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ শুরু হয়েছে। নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছালে প্রতিটি জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও বলেন, বডি-অন-ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও তাৎক্ষণিকভাবে মনিটর করা সম্ভব হবে।