প্রধান উপদেষ্টার সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ, নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি: সিইসি

বাংলাদেশ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাম্প্রতিক সৌজন্য সাক্ষাতে আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ বা সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি।

মঙ্গলবার (আজ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা জানান। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন কমিশন পুরো প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। চারটা গিয়ার পার হয়ে এখন ফুল গিয়ারে কাজ চলছে, যেন সরকার যখন নির্বাচন দিতে চায়, তখন আমরা তা আয়োজন করতে পারি।”

সিইসি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন চান। তিনি এ বিষয়ে আন্তরিকও। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি। যখন নির্বাচন কমিশন তারিখ নির্ধারণ করবে, তখন গণমাধ্যমের মাধ্যমেই সবাই জানতে পারবেন।”

সাংবাদিকরা জানতে চান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলা হয়েছিল, তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো কথা হয়েছে কি না। জবাবে সিইসি বলেন, “না, সম্ভাব্য সময় নিয়েও কোনো আলোচনা হয়নি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময় বিবেচনায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তারিখ ও তফসিল ঘোষণা করবে।”

সিইসি উল্লেখ করেন, “যদিও এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ, তবু নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত কিছু বিষয় উঠে এসেছে আলোচনায়।”