প্রবাসী ভোটার নিবন্ধন ৩২ হাজার ছাড়ালো

বাংলাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে ২৬ হাজার ৮৮৫ জন পুরুষ এবং ৩ হাজার ৮৯১ জন নারী। নির্ধারিত সময় শেষে আবেদনকারীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল মঙ্গলবার সকালে ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে ২৩ নভেম্বর রাত ১২টার পর থেকে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে থাকা প্রবাসীদের নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে এবং একই তারিখ পর্যন্ত চলবে।

এই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ৮ হাজার ৩৭৮ জন, জাপান থেকে ৫ হাজার ৬২৪ জন, যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৪০ জন, দক্ষিণ আফ্রিকা (আরও একটি তালিকা অনুযায়ী) থেকে ৩ হাজার ৪৯২ জন এবং কানাডা থেকে ২ হাজার ৪৯৪ জন নিবন্ধন করেছেন।

যেসব দেশে বর্তমানে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, কঙ্গো প্রজাতন্ত্র, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিয়ন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।

সৌদি আরবে থাকা প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে থাকা প্রবাসীদের জন্য নিবন্ধন চলবে ৯ থেকে ১৩ ডিসেম্বর। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ (সৌদি বাদে) থেকে নিবন্ধন করা যাবে ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। আর বাংলাদেশে থাকা ভোটাররা—যারা সরকারি দায়িত্বে নিয়োজিত, সরকারি চাকরিজীবী, কয়েদি অথবা অন্য দেশে অবস্থানকারী ভোটার—তাঁরা ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।