ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে, শঙ্কার কিছু নেই: আসিফ নজরুল

বাংলাদেশ
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

রোববার সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে, আবার অনেক সময় আমাদের ওপরও চাপ সৃষ্টি করতে চায়। এসব বক্তব্যের কিছু সত্য হলেও, তাতে সাধারণ মানুষের মনে অযথা শঙ্কা তৈরি হয়।”

আইন উপদেষ্টা জানান, “দীর্ঘ ১৬-১৭ বছর জাতীয় নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। প্রায় পাঁচ কোটি ভোটার কখনও ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই সাধারণ মানুষ এবার নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “জামিন দেওয়া কেবল বিচারকের ইচ্ছার ওপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি কোনো ভিডিও ফুটেজ বা অডিও প্রমাণ থাকে, তাহলে সেটি জামিনের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।”

তিনি আরও বলেন, “যারা জামিন পাওয়ার যোগ্য, তারা অবশ্যই জামিন পাবেন। কিন্তু যারা জামিন নিয়ে একই ধরনের অপরাধে জড়ানোর সম্ভাবনা রাখে বা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত হতে পারে, তাদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকব।”

আদালত সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বিচার প্রক্রিয়ার গতি বাড়াতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মামলা নিষ্পত্তির গতি বাড়বে এবং জনগণ দ্রুত সুফল পাবে বলে আশা প্রকাশ করেন আসিফ নজরুল।