বহিঃনিরীক্ষার প্রতিবেদনে বিভিন্ন আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠার পর ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।
রোববার (৬ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অডিট প্রতিবেদনে মুনিরুল মওলার নাম জড়িয়েছে এস আলম গ্রুপ এবং নাবিল গ্রুপের বিপুল অঙ্কের জালিয়াতি ও অনিয়মের সঙ্গে। পর্ষদের একজন পরিচালক জানান, দীর্ঘদিন ধরে এমডি’র অপসারণের দাবি থাকলেও বহিঃনিরীক্ষকের চূড়ান্ত প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছিল।
২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর মুনিরুল মওলা দ্রুত পদোন্নতি পেয়ে এমডি হন। ব্যাংকটির সার্বিক অবনতির জন্য তাকে অন্যতম দায়ী হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দাঁড়িয়েছে ৩২ হাজার ৮১৭ কোটি টাকায়, যা মোট ঋণের ২১.০৮ শতাংশ। একই সময়ে প্রভিশন ঘাটতি পৌঁছেছে ১৩ হাজার ১৫৩ কোটি টাকায়।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বেনামি ঋণ এবং ঋণ অনিয়মের কারণে ব্যাংকটি বর্তমানে ‘দুর্বল’ আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, মুনিরুল মওলাকে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ছুটির নির্দেশনা দেওয়া হবে।