গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের সঙ্গে মাইকে মারামারির ঘোষণা দিয়ে আলোচনায় আসা বড় ভাই আব্দুল কদ্দুস মিয়া অবশেষে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি পলাশবাড়ী থানায় লিখিতভাবে অঙ্গীকার করেন যে, ভবিষ্যতে এমন ধরনের কাজ আর করবেন না। এরপর তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় থানায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে কদ্দুস মিয়া (৬৫) নিজের গ্রাম বৈরীহরিণমারীতে রিকশায় করে মাইকে ঘোষণা দেন যে, পরদিন শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই হাবিজারের সঙ্গে তাদের পানের বরজ এলাকায় মারামারি হবে। ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দেব।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে এলে বিকেলে পলাশবাড়ী থানা পুলিশ কদ্দুস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে কদ্দুস মিয়া বলেন, “বাবার জমির অংশ আমি ঠিকভাবে পাই না। ছোট ভাই হাবিজার দখল করে রেখেছে। বহুবার বৈঠক ও সালিস হয়েছে, এমনকি রক্তারক্তিও ঘটেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই এমন কাজ করেছি।”
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রু বলেন, “খবর পাওয়ার পর আমরা কদ্দুস মিয়াকে থানায় ডেকে আনি। পরে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে তিনি লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে, এমন ঘটনা আর ঘটাবেন না। এরপর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”