মিরপুর প্যারিস রোড মাঠে অবৈধ মেলা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

বাংলাদেশ
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠে গড়ে ওঠা একটি অবৈধ মেলা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মেলার অন্তত ১৫০টি অবৈধ স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়। বিনা অনুমতিতে মাঠ দখল করে মেলা আয়োজন করায় পুরো এলাকা দখলমুক্ত করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, “আমরা জানতে পারি, অনুমতি ছাড়াই প্যারিস রোড মাঠে মেলা বসানো হয়েছে। এজন্য দ্রুত ব্যবস্থা নিয়ে সব স্টল ও রাইড সরিয়ে মাঠটি দখলমুক্ত করেছি। আমাদের এলাকায় বিনা অনুমতিতে কোনও মাঠ বা পার্ক দখল করে মেলা আয়োজনের সুযোগ নেই। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”

ডিএনসিসির এই পদক্ষেপে এলাকাবাসীর অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।