মে দিবসে ইউনূস: শ্রমিক সংস্কার ছাড়া ‘নতুন বাংলাদেশ’ সম্ভব নয়

বাংলাদেশ
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।" তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, “শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। একটি একটি করে সব সুপারিশ বাস্তবায়ন করতে হবে।”

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্যে এবারের মে দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচ শ্রমিক পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহম্মদ। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর ভিডিও বার্তাও প্রচার করা হয়।