রাজধানীতে শনিবার (১৫ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ছয়টি স্থানে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুরের বিআরটিএ অফিসের সামনে, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে, আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে এবং বিমানবন্দর রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোনো ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।
বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে মিরপুর ও হাতিরঝিল এলাকায় চারটি বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হওয়া বিস্ফোরণে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই ফুয়াদ আহমেদ জানান, সেখানে কেউ আহত হয়নি এবং ঘটনাস্থলে পুলিশ তদন্ত চালাচ্ছে।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পল্লবী থানা পুলিশ তদন্ত শুরু করেছে।
রাত ৯টা ১০ মিনিটে আগারগাঁওয়ের এডিবি ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ছাড়া একই রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এখানেও কেউ হতাহত হয়নি।
স্বল্প সময়ের ব্যবধানে একাধিক বিস্ফোরণে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, সব ঘটনাই তদন্তাধীন এবং নগরীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।