রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

বাংলাদেশ
রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ধোলাইপাড় এলাকায় বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় আরও কয়েকটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে রমনায় পুলিশের পিকআপ ভ্যান ও উত্তরার একটি মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে জানিয়েছে পুলিশ। তবে মিরপুরের শাহ আলী এলাকায় বাসে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হন। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বুধবার দুপুরে মিরপুরের সনি সিনেমা হলের সামনে একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

ঘনঘন এসব অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। নিরাপত্তা সংস্থাগুলো এসব ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।