মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে সেনা মোতায়েনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন গতকাল শনিবার সেনাসদরে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায় বলে জানা গেছে। আজ রোববার প্রশাসনের সূত্র চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, দেশের চলমান পরিস্থিতি এবং মামলার সংবেদনশীলতার কারণে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় অস্থিতিশীলতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে আগামীকাল সোমবার পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ সামনে রেখে সুপ্রিম কোর্ট প্রশাসন একই ধরনের আরেকটি চিঠি পাঠিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী সেনা সদস্যরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলেন।