ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, যা নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ সংস্থা।
বিষয়টি নিশ্চিত করেছে একাধিক দায়িত্বশীল সূত্র। জানা গেছে, একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়েছিল কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যেসব ব্যক্তির এনআইডি লক করা হয়েছে তারা হলেন: শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
৫ আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন এবং সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে।