সরকার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১ হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা শুক্রবার জানা যায়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (৩৫,৫০০-৬৭,০১০ টাকা) এই কর্মকর্তাদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে নিজ নিজ কর্মস্থলে ইনসিটু নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে পূর্বের দায়িত্বই পালন করবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, পদোন্নতির পর বিমুক্তি ও যোগদানের সব কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ইনসিটু বা সংযুক্ত অবস্থায় থাকা সহকারী অধ্যাপকরা ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজ নিজ কর্মস্থলের নির্ধারিত হারে বেতন ও অন্যান্য ভাতা পাবেন।