জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন আরও দায়িত্বশীলভাবে সামনে এগিয়ে যেতে চায়। তার মতে, কমিশনের প্রধান লক্ষ্য একটিই—দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ লক্ষ্যে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।
মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দেশের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এই সংলাপের আয়োজন করে নির্বাচন কমিশন।
পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, মাঠপর্যায়ের ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখা জরুরি। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং পর্যবেক্ষণ কাজে যারা যুক্ত থাকবেন, তাদের যেন কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকে – এ বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।