আজ বুধবার ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকার হাইক্কার খাল দখলমুক্ত করতে বড় ধরনের অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে খালের জায়গা দখল করে গড়ে ওঠা একটি দোতলা ভবনের পুরোটা এবং একটি তিনতলা ভবনের ২০ ফুট অংশ ভেঙে ফেলা হয়। এছাড়া টিন দিয়ে বানানো পাঁচটি ঘরও উচ্ছেদ করা হয়, যেগুলোও খালের জায়গায় নির্মিত ছিল।
অভিযানে আরও ভাঙা হয় খালের মধ্যে থাকা একটি মসজিদের শৌচাগার ও সীমানাপ্রাচীর। ডিএনসিসির কর্মকর্তারা জানিয়েছেন, মসজিদের যে অংশ খালের জায়গায় পড়েছে, সেটিও ভেঙে দেওয়া হবে।
ডিএনসসির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, “খাল-বিল আর জলাধার দখল করে যারা বসে ছিল, তাদের সময় শেষ। কোনো ধরনের নোটিশ ছাড়াই অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হবে।” তিনি আরও বলেন, ভবন যত বড়ই হোক, খালের জায়গা দখল করে থাকলে ভেঙে দেওয়া হবে।
এই খাল দখলমুক্ত করার পর পুনরায় খনন করে রায়েরবাজার কবরস্থান পার হয়ে লাউতলা খালের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা যায়।
এদিন ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন প্রশাসক। তিনি জানান, ডিএনসিসি এলাকা ডেঙ্গুমুক্ত রাখতে জোরালোভাবে মশকনিধন কার্যক্রম চালানো হচ্ছে এবং সেনাবাহিনীর সহায়তায় ওষুধ ছিটানোর তদারকি করার পরিকল্পনাও রয়েছে।