২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন বছরে মোট সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার), ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।
প্রেস সচিব আরও বলেন, ২০২৬ সালের ছুটির মধ্যে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে। এর আগের বছর, অর্থাৎ ২০২৫ সালে মোট ছুটি ছিল ২৬ দিন।
উল্লেখ্য, ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদিত হয়েছিল গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে। সে বছর সাধারণ ছুটি ছিল ১২ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সেগুলোর মধ্যে নয় দিনই সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গিয়েছিল।
২০২৬ সালে সরকারি ছুটি কিছুটা বাড়লেও সাপ্তাহিক ছুটি মিলে যাওয়ায় মূল ছুটির সংখ্যা কমে ১৯ দিনেই সীমাবদ্ধ থাকবে।