“এখানে এসে আমি খুশি। খাবার ভালো ছিল, শপিংও ভালো হয়েছে। আলোচনাও সন্তোষজনক ছিল।”

বাংলাদেশ
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন পাকিস্তানি প্রতিনিধি আমনা বালুচ। তিনি বলেন, “এখানে এসে আমি খুশি। খাবার ভালো ছিল, শপিংও ভালো হয়েছে। আলোচনাও সন্তোষজনক ছিল।”

দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করতে আমনা বালুচ ঢাকায় আসেন বুধবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক—ফরেন অফিস কনসালটেশন (এফওসি)। ইসলামাবাদের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন আমনা বালুচ, আর বাংলাদেশের পক্ষে ছিলেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বৈঠক শেষে আমনা বালুচ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ না হলেও বৈঠকটি দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

উল্লেখযোগ্য যে, দীর্ঘ এক যুগ পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১০ সালে ইসলামাবাদে হয়েছিল এমন বৈঠক, যেখানে দুই দেশের তৎকালীন পররাষ্ট্র সচিবরা অংশ নিয়েছিলেন।

সরকারি সূচি অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর আমনা বালুচের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।