স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা, গৃহবধূ গ্রেপ্তার

অপরাধ
টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৫)। পুলিশ তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে, সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রামে। নিহত ব্যক্তির নাম জুয়েল রানা (৩৬)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং গ্রামের মজনু মিয়ার ছেলে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, তানিয়া আক্তার প্রায় ১৩ বছর আগে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের তাইজুদ্দিনের মেয়ে হিসেবে জুয়েলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, তানিয়া ছিলেন অত্যন্ত সন্দেহপ্রবণ। জুয়েল কোনো নারীর সঙ্গে কথা বললেই তা নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হতো। প্রতিদিনই এ নিয়ে ঝগড়া হতো। শুক্রবার রাতেও এমনই এক ঝগড়ার একপর্যায়ে তানিয়া স্বামীর মাথায় তিনবার লাঠি দিয়ে আঘাত করেন। জুয়েল ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মাথায় তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।