দীর্ঘ দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে তরুণ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই নিশ্চিত করেছেন, শিগগিরই শুরু হচ্ছে নাটকটির পঞ্চম সিজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর একটি পোস্টার শেয়ার করে নির্মাতা অমি লিখেছেন, “দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট”।
নাটকটির যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে, আর টিভিতে প্রথম প্রচার হয় ২০১৮ সালে। অল্প সময়ের মধ্যেই এটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। নাটকটির কাবিলা, পাশা, হাবু, শুভ, রিয়া, নাবিলা, শিমুল, সিরিন, বোরহান, জাকির ও অন্তরা— এসব চরিত্র যেন বাস্তব জীবনের অংশ হয়ে গিয়েছিল দর্শকদের জন্য।
২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল সিজন ৪-এর শেষ পর্ব। তারপর থেকেই সিজন ৫ নিয়ে আলোচনা চললেও কোনো নিশ্চিত ঘোষণা ছিল না। এবার নির্মাতা নিজেই জানালেন— অপেক্ষার প্রহর শেষ, নতুন সিজন আসছে শিগগিরই।
অনেক দর্শক মনে করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধুই একটি নাটক নয়, এটি তাদের জীবনের এক অংশ, যেখানে রয়েছে হাসি, কান্না আর বন্ধুত্বের মজার সব মুহূর্ত।
নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারি, পারসা ইভানা, আশুতোষ সুজন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল ও শিমুল প্রমুখ।
নতুন সিজনে থাকছে কী চমক? কে ফিরছে, কে থাকছেন না— এসব নিয়েই এখন তরুণ দর্শকদের মাঝে বাড়ছে কৌতূহল। অমি জানিয়েছেন, খুব শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা।