প্লাস্টিক সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

বিনোদন
গত কয়েকদিন ধরে বলিউড অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। আলোচনার কেন্দ্রে রয়েছে তার চেহারার পরিবর্তন—যা অনেকের দাবি, প্লাস্টিক সার্জারির ফল। তবে এসব গুঞ্জনের মাঝেই অবশেষে মুখ খুললেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে হাজির হন মৌনী। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্লাস্টিক সার্জারি সংক্রান্ত প্রশ্নের জবাবে মৌনী বলেন,
"এ ধরনের জল্পনা-কল্পনা থাকেই। তবে আমি এসব নিয়ে মোটেই উদ্বিগ্ন নই।"

তিনি আরও বলেন,
"আমি এসব নিয়ে ভেবে দেখাও প্রয়োজন মনে করি না। কেউ যদি পর্দার আড়াল থেকে বসে ট্রোল করে এবং সেটাকে নিজেদের জন্য মজার মনে করে, তাহলে করুক। এতে আমার কিছু আসে-যায় না।"

সম্প্রতি মুক্তি পাওয়া মৌনী অভিনীত আসন্ন ছবি ‘ভূতনি’-র ট্রেলার ঘিরেই শুরু হয় এই বিতর্ক। অনেকেই বলছেন, ট্রেলারে তাকে দেখে আগের থেকে একেবারেই আলাদা মনে হয়েছে। কেউ কেউ দাবি করেন, তিনি ঠোঁট ও কপালে অস্ত্রোপচার করিয়েছেন। এমনকি কারও মতে, সার্জারির ফলাফল ততটা ভালো হয়নি বলেই মৌনী বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না।

তবে বলিউডে তারকাদের প্লাস্টিক সার্জারি নতুন কোনো বিষয় নয়। তবে মৌনীর ক্ষেত্রে এই পরিবর্তন ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সব মিলিয়ে ট্রেলার প্রকাশের পর মৌনী রায়ের চেহারার এই পরিবর্তন এখন বি-টাউনের সবচেয়ে আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।