বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ডিবি পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে আটক রাখার আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় উল্লিখিত ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বলে মনে করা হয়েছে। সেই অনুযায়ী, আইনটির ৩(১) ধারার ক্ষমতা বলে মেঘনা আলমকে আটক রাখার নির্দেশ প্রদান করা হয়, যা আদেশ স্বাক্ষরের তারিখ থেকে কার্যকর হবে।
আদালত সূত্রে জানা যায়, রাত সাড়ে দশটার দিকে ডিবি পুলিশ মেঘনা আলমকে আদালতে হাজির করে এবং এরপর আদালত এই নির্দেশ জারি করেন। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
এর আগে, গত বুধবার সন্ধ্যায় নিজের বাসা থেকে ফেসবুক লাইভে আসেন মেঘনা আলম। লাইভ চলাকালে তিনি অভিযোগ করেন, ‘পুলিশ পরিচয়ধারীরা’ তার বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করছেন। প্রায় ১২ মিনিট ধরে চলা ওই লাইভ হঠাৎ বন্ধ হয়ে যায় এবং পরে সেটি মুছে ফেলা হয়।
উল্লেখ্য, মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। পরিবেশ সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে নতুন পণ্য তৈরির মাধ্যমে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।